ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদীর টাকা ফেরত দিয়ে আরও একটি প্রতারণা মামলা থেকে রেহাই পেলেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ।
আতিকউল্লাহ খান পাওনা টাকা ফেরত দিয়েছেন জানিয়ে বাদী আবদুর রউফ মোল্লা আদালতে হলফনামা দেওয়ার পর রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী মামলাটি বাতিল করেন।
রাজধানীর নবাব কাটরা এলাকায় গ্লোব কনস্ট্রাকশনসের নির্মাণাধীন একটি প্রকল্পে ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দেওয়ার পর দীর্ঘ দিনেও ফ্ল্যাট না পেয়ে ব্যবসায়ী আবদুর রউফ মোল্লা গত বছর এপ্রিলে আতিকউল্লহ খানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ নিয়ে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত পাঁচটি প্রতারণা মামলায় বাদীর টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন আতিকউল্লাহ খান।
তবে রাজউকের নকশা জালিয়াতির তিনটি এবং সম্পত্তির তথ্য গোপনের দায়ে আরেকটি মামলায় ইতিমধ্যেই আতিকউল্লাহ খানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24