২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় পাঁচ পুলিশের যাবজ্জীবন

জেলার গোকুলখালি পুলিশ ক্যাম্পে গৃহবধু ধর্ষণ মামলায় ক্যাম্প ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

চুয়াডাঙ্গা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার গোকুলখালি পুলিশ ক্যাম্পে গৃহবধু ধর্ষণ মামলায় ক্যাম্প ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোতাহার হোসেন রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ওই সময়কার ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল কুদ্দুস, হাবিলদার রোকন উদ্দিন এবং কনস্টেবল ইফতেখারুল কবির ওরফে শাকিল, হারুনর রশিদ ও হারুন-অর রশিদ। ২০০৪ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় গৃহবধু বাবার বাড়ি দামুড়হুদার মোক্তারপুর যাওয়ার পথে আলমডাঙ্গার ভালাইপুর মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় গোকুলখালি ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্য তাকে ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ২১ ডিসেম্বর ধর্ষিতা আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকজন পুলিশ সদস্যকে আসামি করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার নবকুমার দাস তদন্ত শেষে এজাহারে উল্লেখ করা ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি অ্যাডভোকেট শাজাহান ও আলমগীর হোসেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.