২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১৩ এপ্রিল

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে ১৩ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে ১৩ এপ্রিল। রোবাবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্কের পর রায় ঘোষণার এ দিন ধার্য করেন। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে সাংসদ কোটায় শুল্ক মুক্ত গাড়ি কেনার ৫০ লাখ টাকার উল্লেখ করেননি। ওই অর্থের কোনো বৈধ উৎসও দেখাতে পারেননি তিনি । মামলার তদন্তে ফয়সাল মোরশেদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সহযোগী হিসেবে তাকেও আসামি করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো জামায়াত নেতার বিরুদ্ধে করা মামলায় রায় হচ্ছে। শাহজাহান চৌধুরী কারাগারে আটক থাকলেও ফয়সাল মোরশেদ পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ গত বছরের ১ জুলাই নগরীর বন্দর থানায় মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, আসামি শাহজাহান চৌধুরী কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সাংসদ কোটায় গাড়ি কেনায় ৪৯ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ওই অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেন নি। কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত করতে গিয়ে ওই দুর্নীতির সঙ্গে এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খানেরও সম্পৃক্ততার প্রমাণ পান। এরপর মামলাটিতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়। পরবর্তীতে ১২ ফেব্র"য়ারি মামলাটি চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ মামলাটি স্থানান্তর করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দেন। শাহজাহান চৌধুরী গত ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাতকানিয়া থানায় তিনটি চাঁদাবাজি মামলা ও একটি হত্যা মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০১৫ ঘ.