২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আরো ২৫টি বিক্রয় কেন্দ্র খুলছে বিডিআর

রাজধানীতে ২৫টি নতুন বিক্রয় কেন্দ্র খুলছে বিডিআর। মাথাপিছু চাল বিক্রির পরিমাণ বাড়িয়ে আট কেজি করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে তারা। বিডিআর একই সঙ্গে চাল বিক্রিতে কার্ড দেওয়ার কথা চিন্তা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ২৫টি নতুন বিক্রয় কেন্দ্র খুলছে বিডিআর। মাথাপিছু চাল বিক্রির পরিমাণ বাড়িয়ে আট কেজি করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে তারা। বিডিআর একই সঙ্গে চাল বিক্রিতে কার্ড দেওয়ার কথা চিন্তা করছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, "বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। রাজধানীতে ২৫টি নতুন বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। মাথাপিছু চাল বিক্রির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছি। যেন প্রতিদিন কিনতে না হয়। এক্ষেত্রে ৫ কেজি থেকে বাড়িয়ে ৮ কেজি করা যেতে পারে।" তিনি জানান, চাল বিক্রির জন্য কার্ড পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে যাতে প্রতিদিন কেউ চাল নিতে না পারে। অভিযোগ আছে অনেকে প্রতিদিন চাল কিনে বাইরে বিক্রি করে থাকে। কার্ড পদ্ধতি চালু করলে বাইরে চাল বিক্রি করা বন্ধ হবে। কার্ড দিতে সময় লাগবে উল্লেখ করে শাকিল আহমেদ বলেন, "বিষয়টি এখনও চিন্তা করা হচ্ছে। বিক্রি কার্যক্রম ও কার্ড বিতরণ একই সঙ্গে চলতে পারে।" বিডিআর মহাপরিচালক জানান, দেশে কোনও খাদ্য সঙ্কট নেই। পর্যাপ্ত চাল আছে। তবে দাম বেশি। ফলে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এক মাসের মধ্যে ভারত থেকে চালের প্রথম চালান এক লাখ টন চাল চলে আসবে। সেই চাল ওএমএস এ ব্যবহার করতে চায় বিডিআর। পর্যায়ক্রমে আরও তিন লাখ টন আসবে। চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, মিল মালিকরা কিছুটা দাম বাড়াচ্ছে। বেশি দামে বিক্রির আশায় বাজারে তারা চাল ছাড়ছে না। ভারত বারবার চালের দাম পুনঃনির্ধারণ করছে। দাম বেড়ে যাবে চিন্তা করে অনেকে বেশি করে চাল কিনে রাখছে। বর্তমানে রাজধানীতে ৫০টি ছাড়াও সারাদেশে বিডিআর এর আরো ২০০টি বিক্রয় কেন্দ্র আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/১৯০০ ঘ.