ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে শান্তিরক্ষা সহায়তা কার্যক্রম অনুশীলন (পিস সাপোর্ট অপারেশন এক্সারসাইজ) 'শান্তি দূত-২' এর ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের উদ্বোধন হয়েছে।
বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান রোববার রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ এক্সারসাইজের উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ট্রেনিং এক্সারসাইজ (শান্তির দূত-২) বিপসট- এ তিন পর্বে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বে প্রশিক্ষকদের অংশগ্রহণে ট্রেইন দি ট্রেইনারস, দ্বিতীয় পর্বে (ক্রল/ওয়ার্ক) দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং তৃতীয় পর্বে (রান পর্ব) শিক্ষার্থীরা নিজেরা অনুশীলন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি, চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনা ইবনে জামালী, বিপসট-এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৮৪০ঘ.
bdnews24