পঞ্চগড়, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রিমু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
রোববার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-জসিমউদ্দিন ওরফে জাহেদুর রহমান বাবু, আতিকুজ্জামান মুুুক্তা, ইমরান আলী ও মোজাম্মেল হোসেন। এদের মধ্যে মোজাম্মেল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন-আব্দুল হামিদ, খায়রুল ইসলাম রাজু, জাবেদ হাসনাত ওরফে বাপ্পী, বদিউজ্জামান বিদ্যুৎ।
রিমুর পরিবার এবং বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এছাড়া খালাস পাওয়া চার জন আদালত চত্ত্বরেই রিমুর ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় মধ্যপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনের মেয়ে ও মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী রিমুকে (১১) গত বছরের ৮ আগষ্ট সন্ধ্যায় ধর্ষণ শেষে হত্যা করা হয়।
পরদিন ভোরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে রিমুর মা হালিমা খাতুন পঞ্চগড় সদর থানায় মামলা করেন।
জসিমউদ্দিন ওরফে জাহেদুর রহমান বাবু, মোজাম্মেল হোসেন, ইমরান আলী, আতিকুজ্জামান মুক্তা, বদিউজ্জামান বিদ্যুৎ, খায়রুল ইসলাম রাজু, জাবেদ হাসনাত ওরফে বাপ্পী ও আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রঞ্জু আহমেদ। আদালত ২৬ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেওয়ার পর রায় দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট আমিনুর রহমান ও অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বলরাম গুহ, রফিকউদ্দিন আহম্মেদ ও আনিছুর রহমান।
রায় ঘোষণার পরই সংক্ষুব্ধ রিমুর পরিবার এবং বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই রায় প্রত্যাখান করেন।
সংবাদ সম্মেলনে মামলার অন্যতম আইনি সহায়তাদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) আরডিআরএসের অ্যাডভোকেট ফাহিম ফয়সাল এই রায়কে ব্যতিক্রম উল্লেখ করে বলেন, "যে বাসায় ও যার প্রত্যক্ষ মদদে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটেছে, সে বাসার মালিক আব্দুল হামিদের বেকসুর খালাস পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে।"
তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। 'পরস্পর' নামের একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আকতারুন নাহার সাকী মনে করেন, এ রায়ে অপরাধীরা উৎসাহ পাবে।
বেকসুর খালাস পাওয়া আসামিরা রিমুর ভাই হালিমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে তার মা হালিমা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রিমুর বাবা ইমাম উদ্দিন, বেসরকারি সংস্থা বিকাশ বাংলাদেশ এর কর্মকর্তা এম এ প্রধান, সিআরডির অ্যাডভোকেট আফরোজা আখতার হ্যাপি, ইএসডিও'র আশরাফুল আলম রিপন, নারী ফোরামের মনিরা পারভিন মণি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24