টাঙ্গাইল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গাবসারা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে রোববার দুপুরে এক কৃষক সমাবেশে তিনি বলেন, "খাদ্য উৎপাদন বৃদ্ধি ছাড়া আমাদের কেনো বিকল্প নেই। বিদেশ থেকে খাদ্য আমদানি করে দাম নিয়ন্ত্রণে রাখা যাবে না। আমাদের চেষ্টা করতে হবে কীভাবে দুই ফসল, তিন ফসল আবাদ করা যায়।"
দেশে এবার বোরোর বাড়তি ফলনের মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ সম্ভব হবে মন্তব্য করে তিনি কৃষকদের উদ্দেশে বলেন, "আপনারা এক ইঞ্চি জায়গাও খালি রাখবেন না। আমরা সবাই মিলে নিজের জন্য এবং দেশের জন্য কাজ করব।"
এর আগে বেলা ১১টার দিকে সেনাপ্রধান ঘাটাইলের শালিয়াজানিতে পাম চাষ প্রকল্প পরিদর্শন এবং ঘাটাইল সেনানিবাসে বৃক্ষরোপণ করেন।
কৃষক সমাবেশে জেনারেল মইন বলেন, "আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে দেশে দুর্নীতি হবে না। দুনীতির জন্য কারো সাজা হবে না। ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যবিত্ত দেশে পরিণত করতে চাই আমরা।"
সেনাপ্রধান তিনজন কৃষককে পুরস্কৃত ও দুশ' দুঃস্থের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে সেনাপ্রধান যমুনার চরাঞ্চলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা ১১০ একর ভূট্টা জমির ফসল কাটা ও মাড়াই কাজ উদ্বোধন করেন। তিনি যমুনা সেতুর গাইড বাঁধ ও ভাঙন এলাকা পরিদর্শন করেন।
বিকেলে সেনাপ্রধান মধুপুরের কালিয়াকুরীতে আদিবাসী হাসপাতাল পরিদর্শনে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/এমএ/১৬৫০ঘ.
bdnews24