২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জুর আর নেই

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র, মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জুর আর নেই। রোববার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:23 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র, মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জুর আর নেই। রোববার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাজিউর রহমান মঞ্জুরের প্রথম জানাজা হয়। সোমবার বাদ আসর দ্বিতীয় জানাজা হবে জাতীয় মসজিদ বায়াতুল মোকাররমে। মঙ্গলবার ভোলা জেলার বালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নাজিউর রহমান স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। প্রয়াত নেতার আত্মীয় ও বারডেমের চিকিৎসক ডা. ফাহমিমা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে নাজিউর রহমানের মৃত্যু হয়। তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মূলত রেনাল ফেইলিয়রেই তার মৃত্যু হয়েছে।" ডা. ফাহমিমা আরও জানান, নাজিউর রহমান এর আগে ইউনাইটেড হাসপাতালে ছিলেন। সেখান থেকে শনিবার তাকে বারডেমে আনা হয়। সংসদ ভবন প্রাঙ্গণে মঞ্জুরের জানাজায় অংশ নেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন, আ স ম হান্নান শাহ, ড. মইন খান, এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, নাজিমউদ্দিন আলম, জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশীদ, জামায়াতে ইসলামী নেতা আবদুস সুবহান, আবদুল কাদের মোল্লাসহ সাবেক সাংসদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। পরে মরদেহ বারডেমের হিমঘরে নিয়ে যাওয়া হয়। নাজিউর রহমানের ছোট ছেলে ওয়াছিকুর রহমান অঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তার ভাই আশিকুর রহমান শান্ত লন্ডন থেকে দেশে ফিরলে সোমবার ভোলার বালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে। নাজিউর রহমানের মৃত্যুর সংবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার বারিধারার বাসভবন 'রেবা ভিলা'য় ছুটে যান। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, বিএনপি নেতা এম শামসুল ইসলাম, মোশারেফ হোসেন শাহজাহান, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জাফর ইমাম, নুর মোহাম্মদ খান, শামীম আল মামুনসহ বিভিন্ন নেতারা প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টির সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় ঢাকার মেয়রও ছিলেন তিনি। ১৯৮৬ সালে ভোলা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মঞ্জুর। তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) চেয়ারম্যান ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকারের অন্যতম অংশীদার ছিল বিজেপি। নাজিউর রহমান মঞ্জুরের তিন ছেলের মধ্যে সবার বড় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মেজ আশিকুর রহমান শান্ত এবং ছোট ওয়াছিকুর রহমান অঞ্জন। বঙ্গবন্ধুর পরিবারে সঙ্গে নাজিউর রহমানের আত্মীয়তা রয়েছে। মঞ্জুরের রাজনীতিক জীবনের শুরু ছাত্রলীগের মাধ্যমে। ঢাকার সোহরাওয়ার্দী কলেজে পড়ার সময়ই তিনি ছাত্র আন্দোলনে যুক্ত হন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাজীবনে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাডেট কোরের (ইউটিসি) 'সেরা ক্যাডেট' হিসেবে স্বর্ণপদক পান। মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। রাজনীতিবিদ পরিচয়ের বাইরে নাজিউর রহমান এক জন সফল শিল্পপতি ও সমাজসেবকও ছিলেন। নিজ জেলা ভোলাতে তিনি একটি বালিকা বিদ্যালয়, চারটি উচ্চ বিদ্যালয়, আটটি মাদ্রাসা ও একটি কলেজ প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচডি/ইএইচবি/এসকে/এমআই/১৩৪৮ ঘ.