২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী ও মাদারীপুরে অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক ও কার্তুজ। কুষ্টিয়ায় চরমপন্থি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল। রাজবাড়ী ও মাদারীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক ও কার্তুজ। কুষ্টিয়ায় চরমপন্থি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল। রাজবাড়ী ও মাদারীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিরউদ্দিন নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, ৯টি গুলি উদ্ধার করেছে। মহিরউদ্দিন জগন্নাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, রাত পৌনে ১১টার দিকে সন্ত্রাসীদের ধরার জন্য জগন্নাথপুর কবরস্থান এলাকায় অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে মহিরউদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। জালাল উদ্দিন জানান, মহিরউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, খোকসা উপজেলার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের চরমপন্থি নেতা আক্কাসের বাড়ি থেকে তিনটি অস্ত্র ও পঞ্চাশ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি টু টু বোর রাইফেল ও একটি এক নলা বন্দুক। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল জহির জানান, খোকসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থি নেতা আক্কাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কাস ও তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ঘরের চাতাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। রাজবাড়ী প্রতিনিধি জানান, পাংলা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রাম থেকে শনিবার ভোরে একটি কাটা রাইফেল ও ১৬ রাউন্ড গুলিসহ মো. শরীফ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাংশা থানা পুলিশ জানিয়েছে, শরীফ পূর্ব বাংলা বিপ্লবী কমিউনিস্ট পার্টির আলাই ও তোফাজ্জল গ্র"পের দ্বিতীয় শীর্ষ নেতা। ওই থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, পুলিশ গোপন খবরের ভিত্তিতে কুঠিমালিয়াট গ্রামে অভিযান চালিয়ে শরীফকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা হয়েছে। শরীফ কুষ্টিয়ার খোকসা থানার মোকছেদপুর বাবনপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার খালাশীকান্দি গ্রামের লতিফ খালাশীর বাড়ি থেকে অস্ত্রসহ মমতাজ বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুস সাত্তার জানান, র‌্যাবের একটি টহল দল শনিবার ভোরে লতিফ খালাশীর বাড়িতে অভিযান চালায়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লতিফ খালাশী সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। র‌্যবা সদস্যরা লতিফ খালাশীর বিছানার নিচ থেকে একটি কাটা বন্দুক, ৬টি শটগানের গুলি ও একটি ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লতিফ খালাশীর স্ত্রী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/জেকে/২৩১২ ঘ.