ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা ও শ্যামপুর থেকে শনিবার অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদের একজনকে গলা কেটে এবং অপর জনের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুইচাখালী এলাকার ডগাইর পশ্চিমপাড়ার একটি ধানক্ষেত থেকে সকাল সাড়ে দশটায় দিকে এক যুবকের (২৪) গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের পরনে ছিল নেভি ব্লু জিন্স ও সাদাকালো ডোরাকাটা ফুল গেঞ্জি।
এদিকে শ্যামপুর থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুরাইন এলাকার 'শাহ আলম ফার্নিশার্স' নামের একটি আসবাবপত্রের দোকান থেকে দুপুর বারোটার দিকে আরেক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়।
তার পরনে ছিল চেক লুঙ্গি এবং গায়ে সাদা হাফ গেঞ্জি।
মোজাম্মেল জানান, ওই যুবক সে মাদকাসক্ত ছিল। তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশ দুটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুই থানায় দু'টি মামলাও দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২২৪০ ঘ.
bdnews24