ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রেশন ব্যবস্থা চালু করার, পুলিশ অধ্যাদেশের সংশোধন এবং জেলা পর্যায়ে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে লোকবল ও অর্থ সঙ্কটের কথা জানিয়েছেন তারা।
অন্যদিকে উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য স্থানীয় পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম এখনই শুরু করার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা সকাল ১০টায় তার কার্যালয়ের করবী মিলনায়তনে তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম জেলা প্রশাসকদের বক্তব্য শোনেন এবং নিজের মতামত জানান।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে পর্যায়ক্রমে জেলা প্রশাসকদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র, নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এম এ মতিন, মহিলা ও শিশু, প্রাথমিক ও গণশিক্ষা এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম খান।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। তারাও বিভিন্ন সমস্যার বিষয়ে বলেছেন। এর মধ্যে জেলা পর্যায়ে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে লোকবল ও অর্থ সঙ্কটের কথা এসেছে।"
উপদেষ্টা মতিন বলেন, "জেলা প্রশাসকরা পুলিশ অধ্যাদেশ সংশোধনের অনুরোধ জানিয়েছেন। তাদের বলা হয়েছে, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।"
নারী নীতি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "এ বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই। তবে তারা প্রাথমিক বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে মামলাসংক্রান্ত সমস্যার কথা বলেছেন।"
তিনি বলেন, "লোকবল ও অর্থের অভাবে জেলা পর্যায়ে শিল্পকলা ও শিশু একাডেমী পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসকরা।"
মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার জানান, নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণে জেলা প্রশাসকরা বিভিন্ন সরকারি কাজের দরপত্র পূনর্মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দরপত্র অনুযায়ী কার্যাদেশ দেয়া হলেও নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ঠিকাদাররা কাজ শুরু করছে না। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জেলা প্রশাসকরা সরকারী কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ রেশন দেওয়ার ব্যবস্থা চালুর সুপারিশ করেছেন বলে সচিব জানান।
আলী ইমাম মজুমদার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে জেলা প্রশাসকদের সাহসী ভূমিকা রাখতে বলা হয়েছে। তাদের যাতে কোনো ভীতি বা শঙ্কা না থাকে সেদিকে সরকার খেয়াল রাখার আশ্বাস দিয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক তাজুল ইসলাম বলেন, "সিডরদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সম্মেলনে জেলা প্রশাসকদের তাগিদ দেয়া হয়েছে। এছাড়া ওএমএস কার্যক্রম কঠোরভাবে মনিটরিংয়ের জন্য নির্দেশ দেয়া হয়েছে।"
মাঠ প্রশাসনে কাজের ক্ষেত্রে জেলা প্রশাসকরা যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় সম্মেলনে উঠে এসেছে কি না- জানতে চাইলে তাজুল বলেন, "আগে দায়িত্ব পালনে রাজনৈতিক চাপ ছিল। কিন্তু এখন সে চাপ নেই। বর্তমানে যৌথবাহিনীর সঙ্গে মিলে-মিশে সিভিল প্রশাসন কাজ করে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24