২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হামার ছবি তুলি কি হইবে, চাউলের দাম ১০টাকায় আনির পাইবেন?'

নীলফামারীতে কৃষি বিভাগের খামারে গম কাটার সময় ঝরে পড়া শীষ ও গাছের অবশিষ্টাংশ কুড়াতে ভিড় করেছিলেন আশপাশের এলাকার দরিদ্র, নিুবিত্ত ও মধ্যবিত্তদের অনেকেই। তাদের অনুনয়-বিনয়ের কারণে নাড়া পুড়িয়ে জমির পটাশের ঘাটতি মেটানোর বিষয়টি বাতিল করতে হয়েছে খামার কর্মকর্তাকে। গম কুড়ানিদের ছবি তুলতে গেলে একজন বলে ওঠেন, "হামার ছবি তুলি কি হইবে চাউলের দাম ১০টাকায় আনির পাইবেন? তা যদি করির নাপান তা আইচ্ছেন কি দেখিবার?" জানাচ্ছেন আতিয়ার বাড্ডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

আতিয়ার বাড্ডা, নীলফামারী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নীলফামারী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "রাসায়নিক সার ব্যবহার করে জমিতে পটাশের অভাব দেখা দিয়েছে। গম গাছের ডাটা (কাটার পর অবশিষ্টাংশ) আগুনে পুড়ে জমিতে পটাশের চাহিদা মেটানো সম্ভব হলেও উপায় নেই, এলাকার লোকজনের জন্য করতে পারিনি। যেভাবে মানুষ পাগলের মতো আমার হাতে-পায়ে ধরেছে তাতে মনে হয় প্রতিটি মানুষের বাড়িতে আকাল চলছে।" খামারে ঝরে পড়া গম কুড়াতে আসা লোকজন সম্পর্কে নীলফামারী বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক এনামুল হক এই কথা বলেন। শনিবার নীলফামারী শহরের গাছবাড়ি এলাকায় জেলা বীজ উৎপাদন খামারে ১৫ একর জমির গম কাটার কাজ চলছিল। এর আশপাশের এলাকার অনেক লোকজন সেই জমিতে পরে পড়া গমের শীষ কুড়াতে এবং ডাটা নেওয়ার জন্য জড়ো হন। স্ত্রী, সন্তান আর বৃদ্ধা মা-বাবাকে নিয়ে অনেকেই এসেছেন এখানে। শুধু গরিব কিংবা নিু আয়ের মানুষই আসেনি, মুখ চোখ ঢেকে মধবিত্ত পরিবারের অনেকেই আসেন শীষ কুড়াতে। এই দৃশ্যের ছবি তুলতে গেলে সাংবাদিকদের দিকে ছুটে আসেন খামারের পার্শ্ববর্তী গ্রাম বাড়ই পাড়ার মৃত কফির মামুদের স্ত্রী হালিমা খাতুন (৫০), আব্দুল মান্নানের স্ত্রী জামিলা (৪০), মীর আলীর স্ত্রী রশিদা (৪০), টুপামারী ইউনিয়নের জালিয়াপাড়ার হরিবল্লবের স্ত্রী রাধারানী (৩২), সুকারু মামুদের স্ত্রী রোবেয়া খাতুন (৩৫)। তাদের একজন বলেন, "হামার ছবি তুলি কি হইবে চাউলের দাম ১০টাকায় আনির পাইবেন? তা যদি করির নাপান তা আইচ্ছেন কি দেখিবার?" একই গ্রামের দিনমজুর মোশারফ হোসেনের মেয়ে মুক্তা আখতারের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী ছোট ভাই বোনদের খাবার যোগাড় করতে মায়ের সঙ্গে এসেছে কৃষি খামারের ক্ষেতে গমের ডাটা আর শীষ কুড়াতে। মুক্তা জানালো, তার বাবা অসুস্থ হয়ে তিনদিন ধরে বিছানায় পড়ে আছেন। মা মানুষের বাড়িতে ঝি'র কাজ করে। অভাব দেখে প্রথম দু'এক দিন প্রতিবেশীরা তাকে ডেকে নিয়ে খাওয়ালেও এখন আর প্রতিবেশীরাও ডাকে না। বাড়ই পাড়ার এই মহিলারা খোলাবাজারে চাল কেনার বিষয়ে বলেন, সরকার যে টুকু চাল দেয়। তাতে সবাই পাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও চাল পান না অনেকেই। অনেকে গিয়ে দেখেন চাল শেষ। এই বিষয়ে জেলা প্রশাসক রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালের মূল্যের উর্ধ্বগতির কারণে সরকারিভাবে খোলাবাজারে ডিলারদের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। আগে ২৬ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হতো। ১ এপ্রিল থেকে আরও ৪০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি ডিলার সপ্তাহের তিনদিন ১ হাজার ২০ কেজি করে চাল বিক্রি করছে। জেলার খোলা বাজারে চাল বিক্রির পয়েন্টগুলো খাদ্য বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং করছেন বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২১১৪ ঘ.