২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজধানীর শনির আখড়ায় বৃহস্পতিবার যৌতুকের দাবিতে জান্নাতুল ফেরদৌস জিনু (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের শাশুড়ি পুলিশকে বলেছে, এটা আত্মহত্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 06:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শনির আখড়ায় বৃহস্পতিবার যৌতুকের দাবিতে জান্নাতুল ফেরদৌস জিনু (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের শাশুড়ি পুলিশকে বলেছে, এটা আত্মহত্যা। নিহতের ভাই আব্দুর রহমান শুক্রবার শ্যামপুর থানায় জিনুর স্বামী মিরাজুল ইসলাম শাওন ও শ্বশুর সবেদ মিয়া, শাশুড়ি রাবেয়া বেগম ও জা ঝুমুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে শাওন ও সবেদ মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শনির আখরা এলাকার জাপানি বাজারের বাসা থেকে জিনুর লাশ উদ্ধার করা হয়। জিনুর শাশুড়ি পুলিশকে জানিয়েছে জিনু আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি। ওই পুলিশ কর্মকর্তা জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের দাগ ছাড়াও শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। আব্দুর রহমান জানান, ২০০০ সালে তার বোনের সঙ্গে শাওনের বিয়ে হয়। সে সময় শাওনের বাবার দাবী অনুযায়ী যৌতুক হিসেবে ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও বাসার যাবতীয় আসবাবপত্র দেওয়া হয়। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকার ৭ শতাংশ জমিও জিনুর নামে লিখে দেওয়া হয়। তিনি বলেন, "বিয়ের কয়েকমাস পর থেকেই শাওন বিভিন্ন অজুহাতে জিনুর মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা নিতে শুরু করে। চাহিদামতো টাকা না পেলে শ্বশূর, শাশুড়ি ও জা মিলে জিনুর ওপর নির্যাতন চালাত। টাকার দাবিতে একাধিকবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা।" আব্দুর রহমান জানান, কিছুদিন আগে শাওন কাপড়ের ব্যবসা করার জন্য ৬ লাখ টাকা দাবী করে। শাওনকে টাকা দিতে দেরি হওয়ায় পরিকল্পিতভাবে জিনুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। জিনুর আরেক ভাই আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার সকালে শাওনের ভাইয়ের স্ত্রী ঝুমুর বরিশালে ফোন করে বলে, জিনু ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। এরপরই তারা ঢাকা ছূটে আসেন। জিনুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । জিনু ও শাওনের ছয় বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/০০১৫ ঘ.