২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গভীর রাতে চার বাড়িতে হামলা, আহত ২৫

শহরের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের এই হামলায় বাড়ির বয়োবৃদ্ধ কর্তা এবং তার অন্তঃসত্ত্বা পুত্রবধূসহ ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কক্সবাজার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের এই হামলায় বাড়ির বয়োবৃদ্ধ কর্তা এবং তার অন্তঃসত্ত্বা পুত্রবধূসহ ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন- গৃহকর্তা গোলাম মোস্তফার (৮৫) স্ত্রী জাহানারা বেগম (৭৫), তার ছেলে মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৫৫) এবং এক ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রী আলেয়া বেগম (৩৫)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হচ্ছে জাকির হোসেন (২২), মোহাম্মদ পারভেজ (১৯), সালাউদ্দিন (১৯) ও শফিউল করিম (২৫)। এরা সকলেই সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা থানায় এজাহার জমা দিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এজাহারে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোশতাক আহমদ চৌধুরী, তার স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাকসহ ১৩ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৩টায় শহরের ঝাউতলায় তার ও চার ছেলের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে তাদের তান্ডব। হাসপাতালে আবদুল কাদের জানান, হামলাকারীরা তাদের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও বাড়ির মালামাল তছনছ করে। তারা আলমারীর লকার ভেঙে ৩ লাখ ৫২ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সটে, একটি কম্পিউটার, একটি রঙিন টেলিভিশন ও একটি সদ্য কেনা আইপিএস নিয়ে যায়। তিনি দাবি করেন, লুণ্ঠিত টাকাসহ মালামালের মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা হবে। প্রত্যক্ষদর্শী ও পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা জানান, রাত ৩টার দিকে হামলা শুরু হয়। ফজরের নামাজের পর মুসল্লিরা এগিয়ে গেলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এসময় কক্সবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে ৪ হামলাকারীকে। এই ঘটনায় শুক্রবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনার বিবরণ দেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহজাহান জানান, হামলার শিকার ওই পরিবারের বড় ছেলে ও ইউএনএইচসিআরে কর্মরত আবদুল কাদের কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। তিনি এই হামলাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িতি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও স্থানীয় পৌর কমিশনার জসিম উদ্দিন, কাদেরের বন্ধু নঈমুল হক চৌধুরী টুটুল প্রমুখ। এই ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গোলাম মোস্তফা ও তার চার ছেলের বাড়ির ১০ শতক জমির মালিকানা নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘ প্রায় চার যুগ ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ওই জমি থেকে তাদের উচ্ছেদ করতে প্রতিপক্ষ হামলা চালায়। অপরদিকে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী দাবি করেন, ওই জমি সুলতান আহমদ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের। তিনি ওই এস্টেটের মুতাওয়াল্লী। গোলাম মোস্তফা তাদের নিয়োগকৃত পাহারাদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই জমিতে তাদের তিনজন পাহারাদার বসবাস করে। শুক্রবার ভোররাতে ওই তাদের সঙ্গে গোলাম মোস্তফার লোকজনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, গভীর রাতে হামলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.