ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংলাপে বসার সুযোগ দিতে বলেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। তিনি বলেছেন, দুই নেত্রীকে ছাড়া সংলাপ সফল হবে বলে তিনি মনে করেন না।
হাসিনা ও খালেদাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না গেলে সংলাপের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় কবীর চৌধুরী সরকারের প্রতি এ আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব বাঙালি সম্মেলন, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ ও বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব গবেষণা কেন্দ্র এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে উদ্দেশ্য করে কবীর চৌধুরী বলেন, ''দুই নেত্রীকে মুক্তি দিয়ে সংলাপে বসে সঙ্কট উত্তরণের উদ্যোগ নিন। তাদের ছাড়া সংলাপ সফল হবে বলে আমি মনে করি না।''
তিনি বলেন, ''দুই নেত্রীকে নিঃশর্ত মুক্তি দেওয়া না গেলে প্যারোলে মুক্তি দিন।''
একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুরও দাবি জানান কবীর চৌধুরী।
দ্রব্যমূল্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় অধ্যাপক বলেন, ''দুর্ভিক্ষ বা হিডেন হাঙ্গার যা-ই বলি না কেনো, মানুষ খাবার পাচ্ছে না।''
বাজার নিয়ন্ত্রণে 'অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট' ভেঙে দেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের শিক্ষাবিদ ড. সুশীল ভট্টাচার্য বলেন, ''যিনি দেশ স্বাধীন করেছেন, আজ তারই কন্যা কারাগারে বন্দি। তিনি সুচিকিৎসাও পাচ্ছেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক।''
বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
ওয়ার্ল্ড ইউনিভারসিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ, সাংবাদিক বাহাউদ্দিন চৌধুরী, খন্দকার মোজাম্মেল হক, আ স ম ফিরোজ, কবি মজিবুস সামাদ, এ কে এম মুনীরুজ্জামান খান, ডা. আবদুস সালাম, হাফিজুর রহমান, অ্যাডভোকেট সাজওয়ার হোসেন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জেকে/এমএ/২০০০ঘ.
bdnews24