ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একই রাতে মাগুরা সদর উপজেলায় ঝড়ের আঘাতে ঘরের দেওয়াল চাপা পড়ে এক শিশু মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, বজ্রপাতে নিহতরা হলেন- শাহ আলম (৪০), তার স্ত্রী রোকেয়া খাতুন (৩৫) এবং রোকেয়ার মা আছিয়া খাতুন (৬০)। আছিয়া খাতুনের বাড়ি একই উপজেলার মেথরাপাড়া গ্রামে।
পুলিশ সুপার এ এফ এম মাসুম রাব্বানী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বজ্রপাতে শাহ আলমের বাড়ির একটি টিনের ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর ঘরে থাকায় শাহ আলমের দুই ছেলে-মেয়ে বেঁচে যায়।
এছাড়া ঝড়ে পুরো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। আমের গুটি, কাঁঠাল ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, সদর উপজেলায় ঝড়ের আঘাতে ঘরের দেওয়াল চাপা পড়ে স্বাধীন নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। এছাড়া ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে সদর উপজেলার মঘি গ্রামের কামরুল ইসলামের ঘরের মাটির দেওয়াল ধসে গেলে চাপা পড়ে তার ছেলে স্বাধীন (৭) গুরুতর আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সে মারা যায়।
এছাড়া ঝড়ে শ্রীপুর, শালিখা ও মোহম্মদপুরের গম, ভুট্টা, কলা ও পেঁপে ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি অন্তত পাঁচ শতাধিক কাঁচা-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24