ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের কয়েক কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস ড. জাফর আহমেদ খানকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব কওছার জহুরা একই দপ্তরের মহাপরিচালক হয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মজিবুর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের উপ-পরিচালক, ওএসডি উপ-সচিব ওয়াহিদুল ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ওএসডি উপ-সচিব লুৎফর রহমানকে রাজশাহী রেশম বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতান উল ইসলাম চৌধুরীকে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক এবং ওএসডি উপ-সচিব এআরএম খালেকুজ্জামানকে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার নিয়োগ করা হয়েছে।
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনির চৌধুরীকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক মশিউর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24