ফেনী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী-২ (সদর-দাগনভূঁইয়া) আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ জয়নাল হাজারী ও তার ছোট বোন খোদেজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি স্থানান্তর করা হয়েছে বিশেষ আদালতে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট আঞ্চলিক অফিসের উপ পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত অভিযোগপত্রটি বৃহস্পতিবার সকালে ফেনীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে দাখিল করা হয়।
দুদক ও আদালত সূত্র জানায়, ১৯৯ সালের ৫ জানুয়ারি জয়নাল হাজারী অসাধূ উপায়ে অর্জিত ১ কোটি টাকা তার ছোট বোন খোদেজা বেগমের নামে রুপালী ব্যাংক ফেনী শাখায় স্থায়ী আমানত হিসাব বা এফডিআর (নং-২৮-২০০১-২১১৭০৫) খুলে জমা রাখেন।
প্রতি তিন মাস পর পর খোদেজা বেগম এফডিআরের লভ্যাংশ তুলে জমা রাখেন ইউসিবিএল ফেনী শাখায়। ওই টাকা ছাড়াও জয়নাল হাজারীর নামে বিভিন্ন ব্যাংকে নগদ টাকা, দুটি গাড়ি ও একটি জেনারেটরসহ মোট ১৩ লাখ ৩৯ হাজার ১২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায়।
পারস্পরিক যোগসাজসে অবৈধ সম্পদ রাখার অভিযোগে হাজারী ও তার বোন খোদেজাকে আসামি করে দুদকের কুমিল্লা অঞ্চলের তৎকালীন উপ পরিচালক মো. সফিকুর রহমান ২০০৭ সালের ২ অক্টোবর ফেনী থানায় মামলা (নং-২) করেন। হাজারী বর্তমানে পলাতক ও খোদেজা জামিনে আছেন।
সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট শরফুদ্দিন আহমদ মানিক জানান, মামলাটি বিচারের জন্য বিশেষ আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24