ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজ উদদীন আহমদ বলেছেন, এ দেশ মুক্তিযোদ্ধাদের, বেঈমানদের নয়। 'আমি রাজাকার- এজন্য গর্বিত, সম্মনিত' এ কথা যেনো আমাদের শুনতে না হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন আহমদ স্মরণে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শোকসভায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্মস্থল থেকে ফেরার পথে গত ২২ মার্চ সড়ক দুর্ঘটায় জালাল উদ্দীন নিহত হন। তিনি অলটেক্স ইন্ড্রাস্ট্রিজের নির্বাহী পরিচালক ছিলেন।
'ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা- চট্টগ্রাম অঞ্চল' আয়োজিত শোকসভার সভাপতি ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি মো. নূরুল আলম। এতে প্রয়াতের সহযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল রকিব, এ্যাডভোকেট শফিউল বশর, নজরুল হোসেন কচি, বখতিয়ার চৌধুরী প্রমুখ স্মৃতিচারণ করেন।
সুলতান মাহমুদ বলেন, "মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সব লেখাতেই জালালের কথা রয়েছে। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম।"
মঈনুদ্দিন খান বাদল বলেন, "সংগ্রাম-যুদ্ধের মধ্যে দিয়ে আমার সঙ্গে জালালের যে বন্ধন তৈরি হয়েছে তা রক্তের বন্ধনের চেয়েও অনেক গভীর।"
মোস্তফা জালাল মহিউদ্দিন মুক্তিযোদ্ধ জালাল উদ্দীনের আদর্শ ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শোকসভায় অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আইয়ুব কাদরী, আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর রশীদ, অবসরপ্রাপ্ত কমান্ডার এ ডব্লিউ চৌধুরী, জাসদ-এর কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/২০০৮ ঘ.
bdnews24