রুহুল আমিন রানা, চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম হাইলেভেল রোডের বাসিন্দা আমিনুল ইসলাম নিলয়ের বাসায় পানি নেই দুই দিন ধরে। ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পানিও পাচ্ছেন না তারা। ক্ষুব্ধ ও হতাশ নিলয় বলেন, "এভাবে জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে। বোতলজাত পানি কত দিন কিনে খাওয়া যায়? রান্নাসহ অন্যান্য কাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।"
তিনি বলেন, "দুর্ভাগ্যের বিষয়- ওয়াসার প্রধান কার্যালয়ের দূরত্ব আমাদের বাসা থেকে মাত্র তিনশ গজ।"
শুধু নিলয়ের বাসায়ই নয়, পুরো চট্টগ্রাম নগরীতেই পানির জন্য হাহাকার পড়ে গেছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোডশেডিংয়ের কারণে পানি উৎপাদন কমছে প্রতিদিনই। ওয়াসার গভীর নলকুপগুলো দিনের অনেকটা সময় অলস বসে থাকে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এ অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।"
তিনি জানান, সীমিত সাধ্য নিয়ে ওয়াসা নগরীর চাহিদার এক-তৃতীয়াংশ মাত্র পূরণ করতে পারে। সেটিও এখন বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে।
প্রধান প্রকৌশলী জানান, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরুর বিষয়টি এ মুহূর্তে ওয়াসার জন্য একটি ভাল খবর। কিন্তু এর ফল পেতে নগরবাসীকে আরও তিন বছর অপেক্ষায় থাকতে হবে। অন্তর্বর্তীকালীন ব্যাবস্থা হিসেবে আরও তিনটি গভীর নলকূপ বসানো হচ্ছে। এগুলো কাজ শুরু করলে এলাকাভেদে পানি সমস্যা কিছুটা কমবে।
নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার একজন কর্মকতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত নগরীর ৭২টি গভীর নলকূপ ৩২৫ ঘন্টা বন্ধ ছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে সাড়ে তিন ঘণ্টা গভীর নলকূপ চলেনি। প্রতিটি নলকূপ থেকে ঘন্টায় ২০ হাজার গ্যালন পানি উত্তোলন করা যায়।"
ওয়াসার গভীর নলকূপ ও মোহরা পানি শোধনাগার থেকে দৈনিক গড়ে ১৭০ থেকে ১৮০ মিলিয়ন লিটার পানি সরবরাহ করা হয়। লোডশেডিংয়ের কারণে বুধবার পানি উত্তোলন কমেছে চার দশমিক ৮৭ মিলিয়ন লিটার এবং বৃহস্পতিবার প্রায় পাঁচ মিলিয়ন লিটার।
ওয়াসার প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার যেখানে উৎপাদন হয়েছে ১৭৯ দশমিক ৭৯ মিলিয়ন লিটার সেখানে বুধবার তা নেমে এসেছে ১৭৪ দশমিক ৯২ মিলিয়ন লিটারে। আর বৃহস্পতিবার সেটা আরও কমে প্রায় ১৭৪ লিটারে দাঁড়িয়েছে।
ওয়াসা কর্মকর্তারা জানান, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা বর্তমানে নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে পানি সরবরাহ করে থাকে। তবে এসব ওয়ার্ডের সব জায়গায় ওয়াসার সংযোগ নেই।
জাইকার ২০০০ সালের জরিপে বলা হয়েছিল, চট্টগ্রাম নগরীতে জনসংখ্যা অনুপাতে ২০০৫ সাল নাগাদ পানির চাহিদা দাঁড়াবে ৬৮৮ মিলিয়ন লিটার। ওয়াসার পুরনো হিসেব অনুসারে নগরীর পানি চাহিদা ৫০০ মিলিয়ন লিটার। মোহরা প্রথম প্রকল্প এবং ৭২টি গভীর নলকূপ থেকে পানি পাওয়া যাচ্ছে গড়ে ১৭০ মিলিয়ন লিটার। এ দিয়ে ৪২ লাখ জন অধ্যুষিত নগরীর কেবল ৩৪ শতাংশ মানুষের পানির চাহিদা পূরণ করা যায়।
পানির এ ভয়াবহ সংকট পুরোদমে গরম পড়ার আগেই নগরবাসীকে আতংকের মধ্যে ফেলে দিয়েছে। সার্সন রোড, বাঘঘোনা, খুলশী, পাহাড়তলীর মতো একটু উঁচু এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন। এসব এলাকায় দুই থেকে তিন দিনে একবার পানি আসে। এছাড়াও, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, মুরাদপুরের মানুষও সীমাহীন পানি সংকটের মধ্যে আছেন বলে জানা গেছে।
লোডশেডিংয়ের বিষয়ে বুধবার চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় এবং জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এদিন বেলা একশ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। রাতের বেলা চাহিদা বেশি বলে লোডশেডিং এর পরিমাণ আরও বাড়ার কথা।
তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলের তিনটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ২১৬ মেগাওয়াট এবং জাতীয় গ্রিড থেকে পাওয়া গেছে ১৫৬ মেগাওয়াট।
পিডিবির সহকারী পরিচালক এর আগে জানিয়েছিলেন, গ্যাস সংকট ও কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/জিএনএ/১৬১৮ ঘ.
bdnews24