২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ থেকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচলে সমঝোতা

পহেলা বৈশাখ থেকেই ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশের প্রতিনিধিরা। বুধবার রেল ভবনে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 05:04 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পহেলা বৈশাখ থেকেই ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশের প্রতিনিধিরা। বুধবার রেল ভবনে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল সাংবাদিকদের বলেন, "চুক্তির সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। ১৪ এপ্রিলের আগেই যদি দুই সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় তাহলে পহেলা বৈশাখ থেকে ট্রেন চলাচল শুরু করতে আর কোনো বাধা থাকবে না।" বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দেন সেদেশের রেল বোর্ডের অতিরিক্ত সদস্য আর এন ভার্মা। সাংবদিকদের তিনি বলেন, "ওই তারিখের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।" ইসমাইল ও ভার্মা দু'জনেই জানান, আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশনস) কাজী আসাদ উল্লাহ জানান, বৈঠকে প্রত্যেক শনি ও রোববার ট্রেন চালানোর ব্যাপারে উভয়পক্ষই সম্মত হয়েছে। তিনি বলেন, "শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে বাংলাদেশের ট্রেন ছেড়ে যাবে। আর কলকাতা থেকে একই দিন সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ভারতীয় ট্রেন। পরদিন রোববার কলকাতা থেকে বাংলাদেশের ট্রেনটি সকাল ৭টায় ছেড়ে আসবে এবং ভারতীয় ট্রেনটি ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে যাবে।" গত বছরের জুলাইয়ে ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন চলাচল শুরুর বিষয়ে আলোচনা শুরু হয়। আগস্টে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। গত বছর রোজার সময় থেকেই নিয়মিত ট্রেন চালুর কথা থাকলেও সীমান্তের জিরো পয়েন্টে কাঁটা তারের খাঁচা বানানোসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা না হওয়ায় তা পিছিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫৭ ঘ.