২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই ও সাটুরিয়ায় কালবৈশাখী

মানিকগঞ্জের সাটুরিয়া এবং পাশের এলাকা ঢাকার ধামরাই উপজেলার ওপর দিয়ে বুধবার বিকালে কালবৈখাশী ঝড় বয়ে যায়। এতে দুটি উপজেলার কয়েকশ কাঁচা ঘর বিধ্বস্ত এবং বহু গাছপালা উপড়ে পড়ে। ঝড়ের সময় ব্যাপক শিলাবৃষ্টিতে ফসলেরও ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

মানিকগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া এবং পাশের এলাকা ঢাকার ধামরাই উপজেলার ওপর দিয়ে বুধবার বিকালে কালবৈখাশী ঝড় বয়ে যায়। এতে দুটি উপজেলার কয়েকশ কাঁচা ঘর বিধ্বস্ত এবং বহু গাছপালা উপড়ে পড়ে। ঝড়ের সময় ব্যাপক শিলাবৃষ্টিতে ফসলেরও ক্ষতি হয়েছে। ঝড়ে ঘর চাপা পড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঝড়ে খুঁটি উপড়ে পড়ায় সাটুরিয়া উপজেলার অনেক এলাকাসহ ধামরাইয়ের কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় লোকজন ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। কুতুব উদ্দিন, শুকুর আলী ও নাজিমুদ্দিনসহ স্থানীয় অনেকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর-পশ্চিম আকাশ হঠাৎ কালো হয়ে যায়। কিছুক্ষণ পরই কালবৈশাখী আঘাত হানে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া, ফুকুরহাটি, দরগ্রাম, বরাঈদ, বালিয়াটি এবং ধামরাই উপজেলার আমতা, গাংগুটিয়া, সুতিপাড়া বালিয়া ইউনিয়নে। ২০ মিনিট স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকশ কাঁচা ঘর ধসে পড়ে। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল আজিজ জানান, ঝড়ে উপজেলার বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সাটুরিয়া, বালিয়াটি এবং ফুকুরহাটি ইউনিয়নের আবাদি জমির অর্ধেক ফসলই শিলে নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানায়, বজ্রপাতে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের খবির উদ্দিনের ছেলে সেলিম হোসেন (১২) গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুঁটি উপড়ে পড়ায় এবং তার ছিড়ে যাওয়ায় সাটুরিয়া উপজেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। ধামরাইর কিছু এলাকাও বিদ্যুৎহীন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদা ইয়াসমিন। ঝড়ে দুটি এলাকায় বহু কাঁচা ঘর ধসে পড়েছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে বলে জানান দুই ইউএনও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা। কৃষক কুতুব উদ্দিন জানান, ঝড়ের সঙ্গে প্রচুর পরিমাণে শিল পড়ে। মাত্র ২০ মিনিটে কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত শিলের স্তুপ জমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৬ ঘ.