ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মো. সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক। তিনি আগামী ৮ এপ্রিল ওই পরোয়ানা ফেরতের দিন ধার্য করেছেন।
অভিযুক্ত সেলিম দম্পতি পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা হিসাব বিবরণীতে সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত মঙ্গলবার দুদকের উপ পরিচালক মো. আবু সাঈদ হাজী সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ পত্রে বলা হয়, হাজী মো. সেলিম নিজে, তার স্ত্রী ও নাবালক তিন সন্তানের নামে জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯২ লাখ ৮ হাজার ১০৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তারা ১০ কোটি ৪ লাখ ১৩ হাজার ৯৩৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম হাজী মো. সেলিম ও গুলশান আরার বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৮৩০ঘ.
bdnews24