ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের নিয়োগ ও শপথ সংক্রান্ত তিন খণ্ডের দলিলসহ ২৫ বছরের পুরনো মন্ত্রিপরিষদ সভার কার্যবিবরণী, বিজ্ঞপ্তি ও সার-সংক্ষেপ জাতীয় আর্কাইভসে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এইসব প্রামাণিক দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর কাছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিন খণ্ডের দলিল ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগে সংরক্ষিত পঁিচশ বছরের পুরনো দলিল, ১৯৭১ থেকে ১৯৮২ পর্যন্ত মন্ত্রিপরিষদের যতগুলো সভা হয়েছে তার কার্য বিবরণীর মূল কপির ১০ খণ্ড, বিজ্ঞপ্তির চার খণ্ড এবং সার-সংক্ষেপ ৩৭ খণ্ডসহ মোট ৫১ খণ্ড দলিল জাতীয় আর্কাইভসে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন তাদের এই সব দলিল কাজে লাগবে। এই বিষয় চিন্তা করেই দলিলগুলো আর্কাইভসে দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে আগ্রহী পাঠক গবেষক ও ইতিহাসবিদরা এই সব তথ্য সংগ্রহ করে উপকৃত হবেন। আমি বিশ্বাস করি নিখাদ ও সত্যনিষ্ঠ তথ্য উন্মোচন করার মাধ্যমে এই প্রজন্মের অনুসন্ধিৎসু মননশীলতার প্রত্যাশা পূরণে এবং উদার জ্ঞান চর্চায় এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।"
মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো সভা করেছে তার কার্যবিবরণী, সার-সংক্ষেপ ও বিজ্ঞপ্তি সংক্রান্ত কাগজপত্র এতদিন রুলস অব বিজনেস অনুযায়ী ক্লাসিফাইড ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। এইসব গুরুত্বপূর্ণ ও গোপনীয় কাগজপত্র ১৯৭১ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগ কঠোর নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করে আসছে। কিন্তু সময়ের বিবর্তনে এই সব নথিপত্র আর্কাইভসের উপজীব্য হয়ে ওঠে। ফলে ২৫ বছর আগের পুরনো দলিলগুলো সংরক্ষণের তাগিদ অনুভব করে সরকার।
এরই পরিপ্রেক্ষিতে সরকার জাতীয় আর্কাইভস অধ্যাদেশ ১৯৮৩ এর ৯ (ডি) ধারা অনুযায়ী ২৫ বছর মেয়াদ অতিক্রান্ত সময়ের উপযুক্ত দলিলপত্র স্থায়ীভাবে সংরক্ষণ, পাঠক ও গবেষকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য জাতীয় আর্কাইভসে রাখার সিদ্ধান্ত নেয়।
তিন খণ্ড দলিলের মধ্যে ১৯৭২ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শপথনামা ও স্বাক্ষরিত কপিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমএআর/এমএ/১৮০০ঘ.
bdnews24