২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত বাড়িতে ট্রাক, নিহত ৫

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে রাস্তার পাশে একটি বাড়িতে ট্রাক ঢুকে উল্টে পড়লে বাড়িটির ঘুমন্ত পাঁচ সদস্য নিহত হয়। গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বাইশখোলায় বুধবার ভোরে সংঘটিত মর্মান্তিক এই ঘটনায় নিহতরা হলেন গৃহকর্তা ধীরেন ঘড়ামী (৬০), স্ত্রী রাধা রানী (৪২), দুই ছেলে খোকন ঘড়ামী (২৬), রতন ঘড়ামী (১০) এবং খোকনের স্ত্রী তাপসী (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 05:34 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বরিশাল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে রাস্তার পাশে একটি বাড়িতে ট্রাক ঢুকে উল্টে পড়লে বাড়িটির ঘুমন্ত পাঁচ সদস্য নিহত হয়। গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বাইশখোলায় বুধবার ভোরে সংঘটিত মর্মান্তিক এই ঘটনায় নিহতরা হলেন গৃহকর্তা ধীরেন ঘড়ামী (৬০), স্ত্রী রাধা রানী (৪২), দুই ছেলে খোকন ঘড়ামী (২৬), রতন ঘড়ামী (১০) এবং খোকনের স্ত্রী তাপসী (১৮)। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার ভোর পৌনে পাঁচটার সময় বরিশাল থেকে মুরগির খাবার বোঝাই ঝালকাঠিগামী একটি ট্রাক বাইশখোলায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই অবস্থিত ধীরেন ঘড়ামীর ঘরে ঢুকে পড়ে।" এসময় ওই বাড়ির ঘুমন্ত পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। তবে খোকন ও তাপসীর ১৩ মাস বয়সের ছেলে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া ট্রাকের নীচে চাপা পড়া লাশগুলো উদ্ধার করে। বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ সামছুল হক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারটি প্রায় দশ বছর ধরে রাস্তার পাশে ওই বাড়িতে বসবাস করছিল। তিনি জানান, দুর্ঘটনার সময় বেঁচে যাওয়া শিশুটি বাবা খোকন এবং মা তাপসীর সঙ্গে ঘুমাচ্ছিল। নিহতদের উদ্ধারের জন্য ট্রাকের মালামাল সরানোর সময় শিশুটি ট্রাকের নিচে কাঁদছিল। পরে তাকে উদ্ধার করা হয়। শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/জিএনএ/১১২২ ঘ.