ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারীরিক অবস্থা পরীক্ষার জন্য শেখ হাসিনাকে বুধবার সকালে বিশেষ কারাগার থেকে আবারো স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।
মেজর ছিদ্দিকী মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শারীরিক কিছু পরীক্ষার জন্য শেখ হাসিনাকে বুধবার সকালে স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। তবে তাকে আবারো ভর্তি করা হবে কিনা এ মূর্হুতে বলা যাচ্ছে না।"
গত ১১ মার্চ শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০ দিন সেখানে থাকার পর গত রোববার তাকে একটি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হয়। সেখান থেকে আর হাসপাতালে না নিয়ে সরাসরি বিশেষ কারাগারে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে দেওয়ার কথা জানায়।
আদালতে শেখ হাসিনা অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে জোর করে হাসপতাল থেকে আদালতে নেওয়া হয়েছে। তাকে কারাগারে ফেরত নেওয়া অমানবিক উল্লেখ করে আওয়ামী লীগ এর নিন্দা জানায়।
কারা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, শেখ হাসিনা সুস্থ থাকায় এবং স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনাকে গত বছর ১৫ জুলাই ধানমন্ডির সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০১৩২ ঘ.
bdnews24