২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা নির্ধারণে যৌথ সমীক্ষা চালাবে বাংলাদেশ-মিয়ানমার

সমুদ্রসীমা র্নিধারণে যৌথসমীক্ষা চালানোর ব্যাপারে সম্মতির মধ্য দিয়ে দুই দিনের বাংলাদেশ-মিয়ানমার বিশেষজ্ঞ দলের আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 05:57 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমুদ্রসীমা র্নিধারণে যৌথসমীক্ষা চালানোর ব্যাপারে সম্মতির মধ্য দিয়ে দুই দিনের বাংলাদেশ-মিয়ানমার বিশেষজ্ঞ দলের আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে বাংলাদেশ দলের প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কে মাহমুদ সাংবাদিকদের বলেন, "সমুদ্রসীমা নির্ধারণে যৌথজরিপ পরিচালনার ব্যাপারে দু'পক্ষই সম্মত হয়েছে। আশা করি জুনের কোনো এক সময়ে এ ব্যাপারে অমিমাংসিত বিষয়গুলো নিয়ে মিয়ানমারে আলোচনায় বসব আমরা।" এর আগে বিকেলে ১০ সদস্যের মিয়ানমার দল পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে। তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটা চলমান প্রক্রিয়া। আলোচনা চলবে। সব বিষয়ে আমরা এখনো সহমত হতে পারিনি।" সমুদ্রসীমা নিয়ে আলোচনা করতে রোববার মিয়ানমারের দশ সদস্যের বিশেষজ্ঞ দলটি ঢাকা আসে। প্রাকৃতিক কারণে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় খুব দ্রুত পরিবর্তন হয় বলে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে এ বিষয়ে আলোচনার আহ্বান জানানো হচ্ছিল। সর্বশেষ ২০ বছর আগে সমুদ্রসীমা নিয়ে আলোচনায় বসেছিল মিয়ানমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২৩৫২ ঘ.