২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎ ঘাটতি, নগরীর বিভিন্ন স্থানে অসহনীয় লোডশেডিং

চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চাহিদার তুলনায় ১০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চাহিদার তুলনায় ১০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি ছিল। বিদ্যুৎ ঘাটতির কারণে বিকাল পর্যন্ত এনায়েত বাজার, মোমিন রোড, আন্দরকিল্লা, পাথরঘাটা, রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউরী, লাল খান বাজার, আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, চাহিদার বিপরীতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং করতে হয়েছে। মঙ্গলবার দিনের বেলা (অফ পিক আওয়ারে) ৪৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৩৫০ মেগাওয়াটের মত। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় এবং কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমশ নিচে নামতে থাকায় চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কম হচ্ছে বলে পিডিবি সূত্র জানায়। পিডিবির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মনিরুজ্জামান লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং পানির স্তর বৃদ্ধি না হওয়া পর্যন্ত লোডশেডিং নিয়ন্ত্রণে আসবে না। সংকট মোকাবেলায় তিনি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, রাত ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মঙ্গলবার দিনের বেলা (অফ পিক আওয়ারে) চট্টগ্রাম অঞ্চলে ৪৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৩৫০ মেগাওয়াটের মত। বর্তমানে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি ইউনিট বন্ধ রয়েছে। অপর ইউনিট থেকে পাওয়া যাচ্ছে ১২০ মেগাওয়াট। শিকলবাহা বার্জ মাউন্টেডে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা প্রায় সময়ই বন্ধ থাকে। বার্জ মাউন্টেড ছাড়া এখানকার বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও সেটা পুুরোপুরি পাওয়া যাচ্ছে না। কাপ্তাইয়ের ৫টি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াটের জায়গায় পাওয়া যাচ্ছে ১৫০ মেগাওয়াট। পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, চট্টগ্রামের নয়টি ইউনিটের মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ছাড়া বাদবাকি সবকটি ইউনিটে গ্যাসের মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকা এবং কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় চট্টগ্রামের তিনটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি বার্জ মাউন্টেডের নয়টি ইউনিটের মধ্যে চালু থাকা আটটিতে উৎপাদন কমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/২০১৩ ঘ.