ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছরের দায়িত্ব পালন শেষে আগামী জুনে ঢাকা ছেড়ে যাবেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তার জায়গায় দায়িত্ব নেবেন স্টিফেন ইভান্স।
মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'আনোয়ার চৌধুরী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে হাই কমিশনার হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ করবেন। এরপর জুনেই নতুন হাই কমিশনারের দায়িত্ব নেবেন স্টিফেন ইভান্স।'
আনোয়ার চৌধুরীকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টিফেন ইভান্স এর আগে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন। তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
আনোয়ার চৌধুরীর নিয়োগের মেয়াদ ২০০৭ সালের এপ্রিল এক বছর বাড়ানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএ/১৭২৫ ঘ.
bdnews24