মৌলভীবাজার, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলা কোদালীপুর এলাকায় সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকসহ দুইজনকে।
আটককৃতরা হলেন- ট্রাকচালক কুমিল্লার কোম্পানিগঞ্জের আব্দুল হক ও ফেনীর সাইফুল ইসলাম।
মৌলভীবাজারের পুলিশ সুপার আশরাফুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজার আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত একটার দিকে অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ট্রাকটি (নরসিংদী-ট-০২-০০২১) আটক করে।
তিনি জানান, সিআইডি সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রাকের নিচের দিকে দড়ি দিয়ে বাঁধা চারটি বস্তায় আশি কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক দাম আড়াই লাখ টাকা।
আশরাফুল আজিম জানান, আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24