২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শহীদ মতিউর গ্রন্থগার ও স্মৃতি জাদুরের উদ্বোধন

জেলার রায়পুরায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান গ্রন্থগার ও স্মৃতি জাদুরের উদ্বোধন করা হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

নরসিংদী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রায়পুরায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান গ্রন্থগার ও স্মৃতি জাদুরের উদ্বোধন করা হয়েছে সোমবার। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম এই জাদুঘরের উদ্বোধন করেন। ঢাকা বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদের সভাপতিত্বে রায়পুরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, "যাদের রক্তে এই দেশে মুক্ত হয়েছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাদেরই একজন। এদেশের মানুষ যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তার সুফল এখনও পাওয়া যায়নি।" উপদেষ্টা বলেন, "আমাদের দেশে যে যত বেশি টাকা ব্যয় করতে পারে সে ততো ভাল শিক্ষা পায়। এ কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠি সুশিক্ষা থেকে বঞ্চিত। আমাদের মুক্তিযোদ্ধারা এ জন্য শহীদ হয়নি।" মতিউরের স্ত্রী মিলি রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি আ. রহমান উদ্বোধনী অনুষ্ঠানে একাত্তরের স্মৃতিচারণ করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশিদ আলম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও শহীদ মতিউরের ভাই খোরশেদ আলম, নরসিংদীর জেলা প্রশাসক জিল্লুর রহমান ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫৫ ঘ.