২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে কারাখানার বয়লার বিস্ফোরণে তিনজন নিহত

সোনারগাঁও উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের সোনাপুর এলাকায় একটি রি রোলিং কারখানায় রোববার রাতে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এরা সবাই কারখানার শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

নারায়ণগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁও উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের সোনাপুর এলাকায় একটি রি রোলিং কারখানায় রোববার রাতে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এরা সবাই কারখানার শ্রমিক। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল আলম জানান, সাউথ ইস্ট স্টিল অ্যান্ড রি রোলিং কারখানায় রাতের পালায় ৩০ শ্রমিক লোহা গলানোর কাজ করছিলেন। রাত ১২ টার দিকে হঠাৎ করে বয়লারের ভেতরের চুল্লী বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে বয়লারটি ভেঙে চুরমার হয়ে যায়। ঝলসে যায় শ্রমিকদের শরীর। ধসে পড়ে বয়লারের পাশের একতলা ভবন। আশপাশের বাসা ও মসজিদের জানালার কাঁচও ভেঙে যায়। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পথে পঞ্চগড়ের মোজাহার হোসেন (৩০) ও ঠাকুরগাঁওয়ের মজিবুর (২৮) মারা যান। সোমবার সকাল সাড়ে ১০টায় চুল্লীর নিচ থেকে রবিউলের লাশ উদ্ধার করা হয়। আহত ইউনুস (৪৫), জাকির (৩০), লাভলু (২৫), সাদেক (২৬), সালাম (৪৫), হালিম (৪২), ইসমাইল (৩৫), আলাউদ্দিন (৪২), ফরিদ (৩৫), কাজল (২০), জয়নালকে (৫২) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহত শ্রমিক মোজাহারের ফুপাতো ভাই মাসুদ রানা বিপ্লব কারখানার মালিক শাহজাহান ও ব্যবস্থাপক লিমনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেছেন। আসামিরা পলাতক বলে জানিয়েছেন ওসি শফিকুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.