২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের অনশন

বরিশাল নগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অনেক অভিভাবকও অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 10:28 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বরিশাল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অনেক অভিভাবকও অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন। নগরীর পুরাতন কয়লাঘাট রোডের সরকারি বানী মন্দির প্রাথমিক বিদ্যালয়ের প্রায় নয়শ' শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি পালন করছে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ শিক্ষার্থীরা হল- তৃতীয় শ্রেণীর মনি, শারমিন, মাসুম, চতুর্থ শ্রেণীর দিপা, রিমা, আয়শা, সোহেল, রানা, তুহিন এবং পঞ্চম শ্রেণীর মাহিদা, সগির, রাজিব, নয়ন, মাসুম, শান্তা, রুপম ও আকবর। শিক্ষার্থীরা জানায়, তারা রোববার জানতে পারে বিদ্যালয়ের অভিজ্ঞ চার শিক্ষককে অন্যত্র বদলির আদেশ হয়েছে। তাদের ভাষায়, সুরাইয়া পারভীন, লিপিকা রানী দে, মারুফা বেগম এবং ফাতেমা বেগম- এই চার শিক্ষককে বদলি করা হলে তাদের পড়াশোনার ক্ষতি হবে। সে কারণে তারা ওই দিনই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে। এর পরপরই তারা অনশন শুরু করে। অনশনে অংশ নেওয়া অভিভাবক তৃতীয় শ্রেণীর ছাত্রী রিক্তার বাবা মো. কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আল-আমিন বলেন, "এই চার শিক্ষককের বদলির আদশে প্রত্যাহারের ব্যাপারে আমরা দুপুরের দিকে জরুরি সভা আহবান করেছি।" অনশনের বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক মো. সামসুল আলোম বলেন, "নিয়ামানুযায়ী ওই চার শিক্ষককে বদলি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৫ ঘ.