ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শনিবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত কাজল দেবনাথকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি মগবাজারের রাশমনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত কর্মী জগদীশ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজলকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে।"
কাজল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বরিশালের হিজলায়।
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাজল আহত হন। তিনি সাধারণ সম্পাদকের সমর্থক ছিলেন।
কাজলের মামা ওই সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে আসামি করে রোববার কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কাজলের মামা সঞ্জয় লাল দেবনাথ হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে রোববার সকালে এ মামলা দায়ের করেন। তবে 'তদন্তের স্বার্থে' আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
পুলিশ বলেছে, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রোববার ক্যাম্পাসে নতুন করে সংঘর্ষের ঘটনা না ঘটলেও ছাত্রদলের দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহত আরও ১০ জন ছাত্র রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/০০৪৪ঘ.
bdnews24