ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যাকারী ছাত্রী সিমির বাসায় গত বছরের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত ১০ বার আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। এর অধিকাংশই পুলিশের উপস্থিতিতে ঘটেছে বলে দাবি করা হয়েছে।
সিমির মা জরিনা বেগম রোববার বিকেলে তাদের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদকের কাছে ওই অভিযোগ করেন। তিনি বলেন, সিমিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামিরা প্রকাশ্যে এসব করছে। স্থানীয় বিএনপির লোকজন তাদের সহায়তা করছে। পুলিশের পরোক্ষ সহায়তা রয়েছে বলেও দাবি করেন জরিনা বেগম ।
সিমির মা বলেন, সর্বশেষ গত শনিবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া একটি গামছায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
একের পর এক ঘটনার ফিরিস্তি দিয়ে তিনি বলেন, এর আগে গত ৩ ডিসেম্বর একইভাবে ছাদে সিমি এবং ভাড়াটেদের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আরেকদিন ছাদে থাকা বাড়ির কুকুরটিকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়। একবার লাঠির মাথায় পাট পেঁচিয়ে পেট্রোল দিয়ে ভাড়াটের মোটর সাইকেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। পুড়িয়ে ফেলা হয় পাপোষ। গত শবেবরাতের রাতে ঢিল ছুঁড়ে বাসার জানালার কাঁচ ভেঙে ফেলা হয়।
জরিনা বেগম বলেন, "গত শনিবারের ঘটনার সময় বাসার পাশেই পুলিশ ছিল। গত ডিসেম্বর মাস থেকে এভাবে ১০ বার আমাদের বাসায় আগুন লাগানো হয়। কিন্তু বড় ধরণের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। ৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আমাদের বাসায় সার্বক্ষণিক পুলিশ প্রহরা রয়েছে। পুলিশের সামনে এসব ঘটনা ঘটছে।"
এলাকার বখাটে যুবকদের উৎপাত সহ্য করতে না পেরে ২০০১ সালের ২৩ ডিসেম্বর আত্মহত্যার পথ বেছে নেন নারায়ণগঞ্জের চারুকলার ছাত্রী সীমা বানু ওরফে সিমি। এ ঘটনা তখন দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামী এনায়েত চৌধুরী খালাস পায় এবং পুলিশের উপ পরিদর্শক আবুল বাশার এবং এলাকার বখাটে যুবক দোয়েল, খলিল,রিপন ও মোফাজ্জলের এক বছর করে কারাদন্ড হয়। পরে তারা উচ্চ আদালতে আপিল করে এবং বর্তমানে জামিনে রয়েছে।
সিমির মা অভিযোগ করে বলেন, "শনিবার বাসায় আগুন লাগানোর কথা থানায় জানালে পুলিশ কর্মকর্তা খায়রুল বাসায় এসে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টেলিফোন করার 'অনেক পরে' তিনি আসেন। এসব কারণে আমাদের বিশ্বাস, পুলিশের সহায়তায় আসামীরা এভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।"
জরিনা বেগম বলেন, আসামীরা তাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকির মুখে রেখেছে। ছোট ছেলে সুমনকে খালাস পাওয়া আসামী এনায়েত চৌধুরী রাস্তায় দেখা হলেই হুমকি দেয়। এ কারণে খিলগাঁও মডেল কলেজের ছাত্র সুমনের লেখা পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াটেরা বাসা ছেড়ে চলে যাচ্ছে বলেও তিনি জানান।
জরিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, "আসামীদের উপযুক্ত সাজা না হলে আমরা কখনই নিরাপদ নই। আর সাজা না হলে হয়তো আমাদের সবার জীবন এক সঙ্গে থেমে যাবে।"
সিমির বড় ভাই শামীম বলেন,"এ নিয়ে আমরা অন্ততঃ অর্ধশত সাধারণ ডায়েরি করেছি। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছেনা। আর একারণে আমরা পুলিশের প্রতি প্রায় আস্থা হারিয়ে ফেলেছি।"
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: আবু যাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি ছাদে গামছায় আগুন লাগানোর ঘটনাটিকে 'একটু রহস্যজনক' আখ্যা দিয়ে বলেন, "বাসায় সবসময় তালা লাগানো থাকে। আর ছাদে ওঠার মতো কোনো রাস্তা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/০০০২ঘ.
bdnews24