২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিক আওয়ারে ওয়াসার পানির পাম্প বন্ধ রাখতে চিঠি

সেচ মৌসুম ও এসএসসি পরীক্ষার সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে পিক আওয়ারে ওয়াসার পানির পাম্প বন্ধ রাখতে বলেছে বিদ্যুৎ বিভাগ। জরুরি প্রয়োজনে নিজস্ব জেনারেটরের মাধ্যমে তাদের পাম্প চালাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি প্রতিবেদক ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেচ মৌসুম ও এসএসসি পরীক্ষার সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে পিক আওয়ারে ওয়াসার পানির পাম্প বন্ধ রাখতে বলেছে বিদ্যুৎ বিভাগ। জরুরি প্রয়োজনে নিজস্ব জেনারেটরের মাধ্যমে তাদের পাম্প চালাতে বলা হয়েছে। এছাড়া সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে সমন্বয়ের জন্য গত সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ চিঠির বিষয়ে জানান। তিনি বলেন, "পিক আওয়ারে পানির পাম্প বন্ধ রাখা বা জরুরি প্রয়োজনে জেনারেটর দিয়ে চালানো এবং সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সার উৎপাদনের প্রধান মৌসুম চলে গেছে। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।" তিনি আরো বলেন, "বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের একটি ইউনিট চালু হয়েছে। আগামী মাস থেকে বগুড়ায় জিবিবির ২৪ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং ফেঞ্চুগঞ্জে ৬৬ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র চালু হবে বলে আশা করছি। বিদ্যুৎ সচিব বলেন, গত বছরের চেয়ে এ মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের অবস্থা ভালো। তবে তা সুখকর নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার ৪৩৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্ভাব্য উৎপাদনের পরিমাণ ছিল ৩৭৭০ মেগাওয়াট। আর সম্ভাব্য লোড শেডিং ৫১৭ মেগাওয়াট। ক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাস স্বল্পতার কারণে ৫৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিদ্যুৎ বিভাগের হিসাব মতে, দেশে বর্তমানে প্রতিদিন গড় লোডশেডিং এর পরিমাণ ৫০০ মেগাওয়াট। এর বেশিভাগই শহর এলাকায় করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, এ মুহূর্তে লক্ষ্য হচ্ছে নতুন উৎপাদন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়িয়ে কমপক্ষে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। ইতোমধ্যে সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদন বেড়েছে। এ কারণে শিকলবাহা ও রাউজান বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়বে। পেট্রোবাংলার হিসাবে শনিবার ও রোববার দেশে গ্যাসের চাহিদা ছিল ১৭০৭ মিলিয়ন ঘনফুট। উৎপাদন ছিল ১৬৮৬ মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৮৪১ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৬৮৪ মিলিয়ন ঘনফুট। সরকারখানাগুলোয় ১৮৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। সেখানে চাহিদা ছিল ২৮৯ মিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ ২১১৪ ঘ.