ঝিনাইদহ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈলকূপা উপজেলায় র্যাবের অভিযানকালে শনিবার রাতে মারা গেছেন চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের স্থানীয় নেতা দবির উদ্দিন (৪৫)। র্যাবের ভাষ্যমতে, দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন দবির। তিনি উপজেলার লক্ষণদিয়া গ্রামের আতর আলীর ছেলে।
র্যাব সদস্যরা তার কাছ থেকে একটি থ্রি-নট-থ্রি কাটা রাইফেল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ক্যাপ্টেন মাহবুব জানান, শনিবার রাতে গোপন সূত্রে তারা জানতে পারেন শৈলকূপার জিকে সেচ খালের ধারে একটি কলা বাগানে চরমপন্থী দলের স্থানীয় নেতা দবির তার সহযোগিদের সঙ্গে বৈঠক করছেন। র্যাব সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। তাদের উপস্থিতি টের পেয়ে দবির ও অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় দবির পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তিনি রাতেই মারা যান। হার্ট অ্যাটাকে দবিরের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার র্যাবকে জানিয়েছেন।
ক্যাপ্টেন মাহবুব জানান, র্যাব সদস্যরা দবিরের কাছ থেকে একটি থ্রি-নট-থ্রি কাটা রাইফেল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, দবির চরমপন্থী গণমুক্তিফৌজের স্থানীয় নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24