ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তি বদলে দিচ্ছে পৃথিবী। আর বদলে যাওয়া পৃথিবীর একটি ধারা হলো ইন্টারনেট ও এর সহযোগী নতুন প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা সাইবার সাংবাদিকতা। খুব দ্রুতই মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এটা।
রোববার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে এ কথা বলেন দেশের প্রথম অনলাইন সংবাদপত্র ও বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী । তথ্য প্রযুক্তির এই যুগে বেড়ে ওঠা প্রজন্মকে রক্ষা করতে সাইবার অপরাধ প্রতিরোধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
'বাংলাদেশে সাইবার সাংবাদিকতা' শীর্ষক ওই বক্তৃৃতায় তৌফিক ইমরোজ খালিদী বলেন, "ইন্টারনেট এখন মানুষের জীবন-যাপনের প্রতিটি ক্ষেত্রে সঞ্চারিত। কীভাবে প্রতিনিয়ত জীবনধারা বদলে যাচ্ছে, আজ পৃথিবীর সব প্রান্তের মানুষ তার সাক্ষী।"
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগের সভাপতি মো. সামসুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, "বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি মাইলফলক। বাংলাদেশে সাংবাদিকতার চেহারা পাল্টে দিয়েছে তারা।"
তৌফিক ইমরোজ খালিদী বলেন, "অনেকে সাইবারস্পেসকে অভিজাতকেন্দ্রিক বলে চিহ্নিত করার প্রয়াস পান। কিন্তু যখন মানুষ নতুন কোনো প্রযুক্তি ব্যবহার বা তাকে কাজে লাগানোর চেষ্টা চালায় তখন সেখানে আভিজাত্যের কোনও বিষয় থাকে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক আরো বলেন, "সাইবার সাংবাদিকতা এক অর্থে নতুন কিছু নয়, প্রথাগত সাংবাদিকতারই ভিন্ন মাধ্যমে উপস্থাপনা মাত্র। মোবাইল ফোনের দ্রুত প্রসার এর বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
ইন্টারনেটের যুগে মাথাচাড়া দেওয়া বিষয় 'সাইবার অপরাধ' সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেন খালিদী। "নতুন প্রজন্ম বেড়ে উঠছে অনলাইন যুগে। নতুন প্রযুক্তিই নির্দেশ করছে তাদের পথচলা। তথ্য প্রযুক্তির এ কালে বেড়ে ওঠা প্রজন্মের ওপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যত। তাই আমাদের সাইবার অপরাধ ঠেকাতে হবে।"
ইন্টারনেট সেবাদাতারা (আইএসপি) বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ লোককে সেবা দিচ্ছে জানিয়ে তিনি বলেন, "আমাদের মতো দেশের জন্য সংখ্যাটি মোটেই ছোট নয়। বাংলাদেশে প্রথম মোবাইল এবং ওয়াপ সংবাদ প্রদানকারী সাইট হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও এর সঙ্গে যুক্ত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিষয়ে প্রধান সম্পাদক বলেন, "সাইবার ও প্রথাগত সাংবাদিকতার মিশ্রণে গড়ে উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।" সাইটটি পরিচালনার নানা বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ মেটান তিনি। আলোচনা করেন ব্লগিং নিয়েও।
'জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগের আয়োজনে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাফর ইকবাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সহ- সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ, বিভাগের শিক্ষক জাফর সেলিম, শবনম আজিম, মাহমুদা আক্তারসহ শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এসকে/১৯৫৩ঘ.
bdnews24