নেত্রকোনায় বোমা হামলার দায়ে তিন জেএমবি সদস্যের কারাদণ্ড
নেত্রকোনায় উদীচী ও শতদল শিল্প গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলার অভিযোগে দায়ের বিস্ফোরক আইনের মামলায় জেএমবি সদস্য সালাউদ্দিন, বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা ও আসাদুজ্জামান পনিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আলাদত।
রায়ে সালাউদ্দিন ওরফে সালেহীনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (২০ বছর) ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড, ফাহিমা ওরফে রোকেয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড এবং আসাদুজ্জামান পনিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তবে এ মামলার পলাতক আসামি ইউনূস আলী ওরফে কাউছারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন দণ্ডপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনার উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ৪০ জন আহত হয়।
ওইদিনই নেত্রকোনা সদর থানায় এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়।
ওই ঘটনায় দায়ের হত্যা মামলার রায়ে গত ১৭ ফেব্রুয়ারি সালাউদ্দিন, আসাদুজ্জামান পনির ও ইউনূস আলীকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার আদালত। তবে ফাহিমাকে খালাস দেওয়া হয়েছিল।
