২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব আবহাওয়া দিবস পালিত

'সুন্দর ভবিষ্যতের জন্য পৃথিবী পর্যবেক্ষণ'- এ প্রতিপাদ্য নিয়ে রোববার পালিত হলো বিশ্ব আবহাওয়া দিবস। নানা কর্মসূুচির মধ্য দিয়ে বিশ্বের ১৮৮টি দেশে এক যোগে দিবসটি পালিত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সুন্দর ভবিষ্যতের জন্য পৃথিবী পর্যবেক্ষণ'- এ প্রতিপাদ্য নিয়ে রোববার পালিত হলো বিশ্ব আবহাওয়া দিবস। নানা কর্মসূুচির মধ্য দিয়ে বিশ্বের ১৮৮টি দেশে এক যোগে দিবসটি পালিত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে সকালে আবহাওয়া অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব কামরুল হাসান বলেন, "আবহাওয়া পর্যবেক্ষণ কার্যক্রম জোরদারে আবহাওয়া অধিদপ্তর বেশ কিছু বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে সঠিক ও সময়োচিত পূর্বাভাস দেওয়ার মাধ্যমে দেশের সম্পদ ও প্রাণহানি কমবে। যা আর্থ-সামাজিক উন্নয়ন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।" অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ মো. সুলতানউদ্দিন ইকবাল বীরপ্রতীক বলেন, "বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আবহাওয়া পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে প্রযুক্তিরও পরিবর্তন হচ্ছে।" আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বলেন, "সঠিক পূর্বাভাস নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পর্যবেক্ষণও বাড়াতে হবে। সেই সঙ্গে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে আবহাওয়ার পূর্বাভাসের প্রতি জনগণকে আরও সচেতন করে তুলতে হবে।" তিনি জানান, পর্যবেক্ষণের গুরুত্ব বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর নৌ-দুর্ঘটনা হ্রাসে ১৪টি পর্যবেক্ষণাগার ও পূর্বাভাস কেন্দ্র স্থাপনের কাজ অচিরেই সম্পন্ন হবে। এছাড়া পাঁচটি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার ও ৭টি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে অধিদফতরের সম্মেলন কক্ষে দুপুরে কারিগরী বিষয় নিয়ে আবহাওয়া অধিদপ্তরে আলোচনা হয়। পরিচালকের সভাপতিত্বে কারিগরি অধিবেশনে আবহাওয়া অধিদফতরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা, আবহাওয়াবিদ আব্দুল মান্নান ও শামীম হাসান ভুঁইয়া কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) বিজ্ঞানী ও কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকাল থেকে বিকালে ৪ টা পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও চার্ট প্রদর্শন করা হয়। এরমধ্য দিয়ে বিশ্ব আবহাওয়া দিবসের দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদফতরের পরিচালক সমরেন্দ্র কর্মকার। ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়। পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। ২০০৮ সালের বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য 'সুন্দর ভবিষ্যতের জন্য পৃথিবী পর্যবেক্ষণ'। বর্তমানে ১৮৮টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১৭ ঘ.