রাঙামাটি/চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুধছড়ি বাজারে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত এবং দুই জন আহত হয়েছেন।
নিহতের নাম মজু মিয়া (৭৫)। আহতরা হলেন, আবদুল মালেক (৩৫) ও আব্দুল শুক্কুর (২০)।
আহত দুজনকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রোববার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী দুধছড়ি বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দেওয়ায় অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ীদের ওপর গুলি চালায়।
সন্ত্রাসীদের গুলিতে মজু মিয়া ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। মজু মিয়ার লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএআর/এফএফ/এমআই/১২৪৭ ঘ.
bdnews24