টাঙ্গাইল, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তথ্যপ্রযুক্তি জায়ান্ট ইন্টেলের 'ওয়ার্ল্ড অ্যাহেড' কর্মসূচির অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশে এসে শনিবার টাঙ্গাইলের মীর্জাপুরে একটি প্রকল্প পরিদর্র্শন করলেন ভাইস প্রেসিডেন্ট জন ই ডেভিস।
এর আগে গত বছর ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন ইন্টেল প্রধান ক্রেইগ আর. ব্যারেট। বিশ্বের স্বল্পোন্নত আরো ৩৫টি দেশের সঙ্গে সেদিন বাংলাদেশেও 'ওয়ার্ল্ড অ্যাহেড' কর্মসূচির যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন তিনি।
ডেভিস মির্জাপুরে প্রায় ৪৫ মিনিট কাটান। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে প্রকল্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ডেভিস বলেন, "ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রামের মূল লক্ষ্য বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মানুষের আরো কাছে অত্যাধুনিক ও দ্রুতগতির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৌঁছে দেওয়া। এই কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইন্টেল। দেশের সাধারণ মানুষের কাছে এই সুফল পৌঁছে দিতে ডক্টর ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ সলিউশনস ইন্টেলের এই কার্যক্রম দক্ষতার সঙ্গেই এগিয়ে নিচ্ছে।"
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, প্রযুক্তি, সফটঅয়্যার ব্যবহার বৃদ্ধি এবং ইন্টারনেট সহজলভ্য করার ওপর জোর দিয়ে জন ই ডেভিস বলেন "ওয়াইম্যাক্সের মতো প্রযুক্তি ব্যবহার এই কার্যক্রমকে অনেক সহজ করে দিতে পারে।"
বাংলাদেশের সব জায়গায় টেলি সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "টেলিসেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কর্মক্ষেত্র বৃদ্ধি এবং সেবা প্রদান করা সম্ভব হবে। টেলি সেন্টারের সুযোগ-সুবিধার মধ্যে থাকবে ফটোকপি, ইন্টারনেট সুবিধা, প্রিন্টিং, ই-কমার্স এবং ই-গভনর্মেন্টের জন্য কম্পিউটার ব্যবহার।"
প্রকল্প পরিদর্শনকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট দেখে ইন্টেল কর্মকর্তা বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে তুলনামূলক স্বল্প সময়ের মধ্যে এরকম একটি সংবাদ প্রচার ব্যবস্থার উদ্যোগের প্রশংসা করেন।
ইন্টেলের বাংলাদেশ প্রধান জিয়া মঞ্জুর এবং গ্রামীণ সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলামে সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিকে/এসকে/০১২৬ঘ.
bdnews24