ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বাস দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর সিএনজি সিলিন্ডার বিস্ফোরণেই এরা হতাহত হন বলে ধারণা করা হচ্ছে। সিলিন্ডার ফেটে গাড়িটিতে আগুন ধরে গিয়েছিল।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবারই অবস্থা আশঙ্কাজনক।
আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস গজারিয়ার আনারপুরায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খাদে পড়ার পরপরই বিকট শব্দে সিএনজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সুমন (৩২) ও অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. রিপন (৩৫), রিপনের শ্যালিকা রুমা (২৫) ও রুপা (১৩), শঙ্করী রানী দত্ত (৩৫) তার ছেলে কমল (৫), আব্দুর রব (৩২) ও ফারুক (৩০)। এদের মধ্যে ফারুকের পুরো শরীরই ঝলসে গেছে।
যাত্রী রুবেল জানান, বাসটি উল্টে যাওয়ার পরপরই যারা বের হতে পারেননি তারা সবাই অগ্নিদগ্ধ হয়েছেন। আগুন খুব দ্রুত বাসের মধ্যে ছড়িয়ে পড়ে। বাসে অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩০৫ঘ.
bdnews24