২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভীতি প্রদর্শনের অভিযোগে মুফতী আমিনীর বিরুদ্ধে জিডি

ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রাজধানীর লালবাগ থানায় শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ী ওই সাধারণ ডায়েরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রাজধানীর লালবাগ থানায় শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ী ওই সাধারণ ডায়েরি করেছেন। লালবাগ থানা পুলিশ জানায়, ভীতি প্রদর্শনের অভিযোগে এলাকার হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী মোঃ সেকান্দার জিলানী আমিনীর বিরুদ্ধে জিডি করেছেন। লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক জুলহাস আলী শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," আমাদের থানার চকবাজার বড় কাটরা এলাকার হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মার্কেটের কয়েকজন ব্যবসায়ীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে একই মার্কেটের এক ব্যবসায়ী মুফতী আমিনীর বিরুদ্ধে জিডি করেছেন।" ওই মার্কেটের আরেক ব্যবসায়ী মোঃ সোলেমান হাবিব দাবি করেন মুফতি আমিনী ২০০৩ সালের ৯ জুন মার্কেটটি দখল করে নিয়েছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমিনী এখন অবৈধভাবে দোকান মালিকদের কাছ থেকে মাসিক ভাড়া আদায় করছেন। হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুফতি আমিনী ২০০৬ সালের মার্চ থেকে ২০০৯ সালের মার্চ পর্যন্ত ওই মার্কেটের মোতাওয়াল্লী (পরিচালনাকারী) আছেন। তাই ওই মার্কেটের পরিচালনাকারী হিসেবে তিনি ভাড়া আদায় করে আসছেন।" মার্কেটের মোতাওয়াল্লী দাবি করে জনৈক রশিদ আহমেদ উচ্চ আদালতে মামলা করেছেন। শিক্ষক আবু সাঈদ বলেন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন মুফতি আমিনীকে ওয়াক্ফ এস্টেটের নিয়ম নীতি মেনেই নিয়োগ দেয়। এ প্রসঙ্গে আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্কেটের মোতাওয়াল্লী দাবি করে রশিদ আহমেদ হাইকোর্টে যে মামলা করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোন ব্যবসায়ীকেও হয়রানি করিনি। আমার বিরুদ্ধে কোন জিডি হয়েছে কিনা তা জানি না। এ ব্যাপারে ওখানকার মাদ্রাসা ঠিক মতো তথ্য দিতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২২২৯ঘ.