ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে ভর্তি হওয়ার পর শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে আদালতকে একটি প্রতিবেদন দেবে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি জানান, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় রোববার শেখ হাসিনানেক আদালতে হাজির করার কথা।
মেজর ছিদ্দিকী বলেন, "উনি হাসপাতাল থেকে আদালতে যাবেন এবং আদালত থেকে সোজা হাসপাতালে ফিরবেন।"
এদিকে গত বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার যে কথা জানানো হয়েছিল তা সময়মতো দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসাইন।
শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল (রোববার) আওয়ামী লীগ সভানেত্রীর কয়েকটি পরীক্ষা করা হবে। কাজেই ওই দিনই তার ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া যাবে কি না তা নিশ্চিত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/জেকে/এমএ/১৯০৭ঘ.
bdnews24