ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টর্নেডো, ঝড় ও বজ্রপাতে তিন জেলায় শুক্রবার রাতে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে পাঁচজন ও কুড়িগ্রামে ঝড়ে একজন মারা গেছেন। নীলফামারীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শিশু। প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলার আলু, গম, বোরো ধান ও ভুট্টার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধরমপাশা, সদর, বিশ্বম্ভপুর, ছাতক উপজেলায় টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩'শ কাঁচা ঘর-বাড়ি।
তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোজাম্মেল হোসেনের মতে টর্নেডোতে প্রায় ১১'শ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসক সাবের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ধরমপাশা উপজেলার হোসেনপুর গ্রামের নিলুফা বেগম (৪), একই উপজেলার গাতিয়ার গাঁও গ্রামের আমির আলী (৭০), সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মমতাজ আলীর ছেলে জমসেদ মিয়া (১০), বিশ্বম্ভপুর উপজেলার হাশিমপুর গ্রামের আসমান আলীর মেয়ে মালেকা বেগম (৪) ও ছাতকের রঞ্জিত দাসের মেয়ে চম্পা রাণী দাস (১০)।
স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তারেক জানান, রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টর্নেডো ও শিলাবৃষ্টি হয়। টর্নেডোর আঘাতে মাটি ঘর বিধ্বস্ত হয়ে চাপা পড়ে ধরমপাশা, সদর, বিশ্বম্ভপুর, ছাতক উপজেলায় পাঁচজনের মৃত্যু হয় এবং প্রায় দুইশ জন আহত হন।
টর্নোডেতে সদর উপজেলায় ৩০০, ছাতকে ৩০০, ধরমপাশায় ২০০, দুয়ারা বাজারে ২০০, বিশ্বম্ভপুরে ১৫০ ও তাহিরপুর উপজেলায় ১৫০টি কাঁচা ঘর-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান।
টর্নেডোতে ছাতক-সুনামগঞ্জ সদরের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হওয়ায় পুরো সুনামগঞ্জে ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, শুক্রবার রাতে জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে সদর উপজেলার চান্দামারী গ্রামের আমিনা বেগম (৪৫) নামে একজন মারা গেছেন। ঝড় ও বজ্রপাতে আহত হয়েছেন ১০ জন। বিধ্বস্ত হয়েছে তিনশ ঘর-বাড়ি।
ঝড়ে আলু ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। পল্লী বিদ্যুতের অনেক খুটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন স্থানে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ঝড়ের সঙ্গে ভারী বর্ষণের কারণে বেশ কয়েকটি ইটভাটায় কয়েক লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।
নীলফামারী প্রতিনিধি জানান, সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চক দুবুলিয়া গ্রামে শুক্রবার রাতে বজ্রপাতে এক নববধূ নিহত ও দু'শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের পাকেরহাট স্বাস্থ্য কমপে
bdnews24