সিলেট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধরমপাশা, সদর, বিশ্বম্ভপুর, ছাতক উপজেলায় শুক্রবার রাতে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩'শ কাঁচা ঘর-বাড়ি।
তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোজাম্মেল হোসেনের মতে টর্নেডোতে প্রায় ১১'শ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসক সাবের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ধরমপাশা উপজেলার হোসেনপুর গ্রামের নিলুফা বেগম (৪), একই উপজেলার গাতিয়ার গাঁও গ্রামের আমির আলী (৭০), সদর উপজেলার বাহাদুর পুর গ্রামের মমতাজ আলীর ছেলে জমসেদ মিয়া (১০), বিশ্বম্ভপুর উপজেলার হাশিমপুর গ্রামের আসমান আলীর মেয়ে মালেকা বেগম (৪) ও ছাতকের রঞ্জিত দাসের মেয়ে চম্পা রাণী দাস (১০)।
স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তারেক জানান, রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়। এ সময় টর্নেডো আঘাত হানলে মাটি ঘর বিধ্বস্ত হয়ে চাপা পড়ে ধরমপাশা, সদর, বিশ্বম্ভপুর, ছাতক উপজেলায় পাঁচজনের মৃত্যু হয় এবং প্রায় দুইশ জন আহত হন।
টর্নোডেতে সদর উপজেলায় ৩০০, ছাতকে ৩০০, ধরমপাশায় ২০০, দুয়ারা বাজারে ২০০, বিশ্বম্ভপুরে ১৫০ ও তাহিরপুর উপজেলায় ১৫০টি কাঁচা ঘর-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান।
টর্নেডোতে ছাতক-সুনামগঞ্জ সদরের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হওয়ায় পুরো সুনামগঞ্জে ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭১২ ঘ.
bdnews24