২২শে মার্চ, ১৯৭১। আলোচনা নামের প্রহসন চলছে। চরম অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইয়াহিয়া ও ভুট্টোর মধ্যে ৭৫ মিনিটের এক যৌথ বৈঠক হয় এদিন। আলোচনায় বড় কোনো অগ্রগতি হলো না। বরং জাতীয় পরিষদের অধিবেশন আরেক দফা মূলতবি হয়। প্রেসিডেন্ট হাউস থেকে এক ঘোষণায় বলা হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টির জন্য আরো সময়ের প্রয়োজন বলে প্রেসিডেন্ট পাকিস্তানের উভয় অংশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে ২৫ মার্চ আহুত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকার সব সংবাদপত্রের প্রথম পাতায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ নির্ধারিত 'স্বাধীন বাংলাদেশের' জাতীয় পতাকার রঙিন ছবি ছাপা হলো। ২৩ শে মার্চ পাকিস্তান দিবসে বাংলার ঘরে ঘরে ওই পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়।
বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডি রোডের বাড়িতে অসংখ্য মিছিল আসে এদিন। সবার উদ্দেশে কিছু না কিছু বললেন তিনি। জনতাকে বঙ্গবন্ধু বললেন, আমার রক্ত দিয়ে আমি আপনাদের রক্তের ঋণ পরিশোধ করবো।
পশ্চিম পাকিস্তানীদের রাখঢাকের চেষ্টার মধ্যেও তাদের সামরিক প্রস্তুতি বিশেষ করে সেনাবাহিনীর বাঙালি সদস্যদের মধ্যে সৃষ্টি করেছিল উদ্বেগ ও মানসিক চাপের। সেনাবাহিনী,ইপিআর ও পুলিশের অনেক সচেতন বাঙালি কমকর্তা ও সাধারণ সদস্যই বুঝে গিয়েছিলেন পাকিস্তানী জান্তা একটি নির্মম দমন অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া সময়ের ব্যাপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১০৩৯ ঘ.
bdnews24