২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়া জাতীয় উদ্যানে শেভরনের জরিপ বন্ধে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

লাউয়াছড়ায় জাতীয় উদ্যান এলাকায় তেল ও গ্যাস কোম্পানি শেভরনের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে লাউয়াছড়ায় মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মৌলভীবাজার, মার্চ ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- লাউয়াছড়ায় জাতীয় উদ্যান এলাকায় তেল ও গ্যাস কোম্পানি শেভরনের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে লাউয়াছড়ায় মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুস সালাম, অধ্যাপক আ স ম আরেফিন সিদ্দিকী, সাবেক সাংসদ আখতারুজ্জামান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রমূখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন ছয় শতাধিক শিক্ষার্থী বার্ষিক বসন্ত উৎসবে এসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। দুপুর ১২টা থেকে ১০ মিনিটের এই মানববন্ধন কর্মসূচিতে তারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব বৈচিত্র রক্ষার আহ্বান জানিয়ে শেভরনকে ভূতাত্ত্বিক জরিপ করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। অধ্যাপক আ স ম আরেফিন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেভরনের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। মারাত্মক হুমকির সম্মূখীন হবে দেশের একমাত্র রেইন ফরেষ্ট লাউয়াছড়ার জীব বৈচিত্র।" সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, "লাউয়াছড়া আমাদের জাতীয় সম্পদের একটি অংশ। এই সম্পদ রক্ষায় সবাইকে এক যোগে কাজ করতে হবে।" মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের মাঠে বসন্ত উৎসবে মিলিত হন। সেখানে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন। বসন্ত মেলা হয়ে উঠে মিলন মেলায়। এই বসন্ত উৎসবে যোগ দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মুহা. আলকামা সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন, শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ড. মইনুল হক, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক মো. আজহারুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি