চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় ভাবগাম্ভীর্ষ, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী।
মিলাদুন্নবী উপলক্ষে নগরীর বিভিন্ন সড়কে 'কলেমা তৈয়ব' খচিত পতাকা, জাতীয় পতাকা ও রঙিন পতাকায় সাজানো হয়েছে। বিভিন্ন মোড়ে মাইকে বাজানো হয় ইসলামী সংগীত। বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল ছাড়াও জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে হয়েছে মিলাদ মাহফিল।
শুক্রবার সকাল আটটার দিকে মিলাদুন্নবীর মূল শোভা যাত্রা বের হয় নগরীর ষোলশহরের আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে। শোভাযাত্রাটি নগরীর মুরাদপুর, সিরাজুল্লাহ রোড, আন্দরকিল্লা, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, কাজীর দেউরী, ওয়াসা ও জিইনির মোড় হয়ে সকাল ১১টার দিকে শেষ হয় মাদ্রাসা প্রঙ্গণে এসে শেষ হয়। শোভা যাত্রায় মুসল্লিরা বেরংয়ের পতাকা বহন করেন। তারা মারহাবা ইয়া রব ইয়া রব ধ্বনি দেন।
মাদ্রাসার উদ্যোগে এখানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জশনে জুলুশ। এতে যোগ দেন নগরীর বাইরে থেকে আসা হাজার হাজার মুসল্লি।
শোভযাত্রার সময় এসব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নিরাপত্তার রক্ষায় নগরীর বিভিন্ন মোড়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল।
হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ'র নেতৃত্বে অনুষ্ঠিত জুলুশে প্রায় ত্রিশ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জুলুশ শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এছাড়া আঞ্জুমানে মোত্তাবিয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, বোয়ালখালীর আহলা দরবার শরীফ এবং নগরীর ঝাউতলা, আন্দরকিল্লা, জামাল খান, কদম মোবারক, রহমতগঞ্জ মহল্লা সমিতি পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24